নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় ডাকাত দলের কবলে পড়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। রোববার (২৫ অক্টোবর) রাতে কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।
ফেসবুক লাইভে রফিকুল ইসলাম মাদানী জানান, বস্তল থেকে গাউসিয়াগামী সড়কের পাকুন্ডা এলাকায় পৌঁছালে একদল ডাকাত তাদের গাড়ির গতিরোধের চেষ্টা করে। এ সময় মহাসড়কের ওপর বড় বড় ইট-পাথর ফেলে রাখা হয়েছিল।
তিনি জানান, পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত গাড়িটি প্রায় ২০০ থেকে ৩০০ গজ পেছনে সরিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে যান। চালকের উপস্থিত বুদ্ধি ও তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণে তারা বড় বিপদ থেকে রক্ষা পান।
তার অভিযোগ, ডাকাত দল আশপাশের কয়েকজন যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অন্ধকারের সুযোগে ডাকাতেরা পালিয়ে যায়।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রফিকুল ইসলাম মাদানী বলেন, দেশে আলেম-ওলামাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে এ ধরনের ঘটনার মুখে পড়া উদ্বেগজনক। মহান আল্লাহর রহমতে তারা প্রাণে বেঁচে গেছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে পুলিশের তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন।
তবে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ কাছাকাছি উপস্থিত না থাকলে এত অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হতো না।
ওসি আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এসি//