খেলাধুলা

ঢাকায় আসছেন ফিফা সভাপতি!

স্পোর্টস ডেস্ক

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। তার সফর ঘিরে তাই বাড়তি আগ্রহ থাকাটাই স্বাভাবিক। এবার ভুটান সফরে যাওয়ার পথে বাংলাদেশে যাত্রাবিরতি নিতে পারেন ফিফা সভাপতি। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববার (১৮ অক্টোবর) থিম্পুর উদ্দেশে যাত্রা করবেন তিনি। তবে তার বাংলাদেশে আসার বিষয়টি এখনো নিশ্চিত নয়।

থিম্পুতে সরাসরি বিমান চলাচলের সীমাবদ্ধতার কারণে ইনফান্তিনোর যাত্রাপথে সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের কোনো বিমানবন্দরে যাত্রাবিরতির সম্ভাবনা রয়েছে। আর সেই সম্ভাবনা থেকেই তৈরি হয়েছে বাংলাদেশের ফুটবল অঙ্গনে বাড়তি কৌতূহল।

ফিফা সভাপতির যাত্রাবিরতির সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

জানা গেছে, প্রয়োজনীয় সমন্বয়ের বিষয়ে আলোচনা করতে শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান বাফুফের সাধারণ সম্পাদক।

ইনফান্তিনো বাংলাদেশে যাত্রাবিরতি নিলে এবং তিনি সম্মতি দিলে, ইমিগ্রেশনসহ বিমানবন্দরের আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। তিনি যদি বিমানবন্দরের ভিআইপি এলাকায় অবস্থান করেন, তাহলে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সহসভাপতিরা।

এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ চলাকালে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তাবিথ আউয়াল ও বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। এবার ঢাকায় তার যাত্রাবিরতি হলে ফিফা সভাপতির সঙ্গে আবারও দেখা হতে পারে বাফুফে সভাপতির।

তবে পুরো বিষয়টিই এখনো সম্ভাবনার পর্যায়ে রয়েছে। ইনফান্তিনো বাংলাদেশে আসবেন কি না, কিংবা বাফুফে কর্মকর্তাদের সঙ্গে তার সাক্ষাৎ হবে কি না—এ বিষয়ে নিশ্চিত কোনো ঘোষণা আসেনি।

বিশ্ব ফুটবলের শীর্ষ কর্মকর্তার সম্ভাব্য এই যাত্রাবিরতি তাই বাংলাদেশের ফুটবল প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ এক সুযোগ হয়ে উঠতে পারে। তবে সেই সুযোগ বাস্তবে রূপ নেয় কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক নিশ্চিতকরণের জন্য।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জিয়ান্নি ইনফান্তিনো #ফিফা