মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত নকশা ও মাপ অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় নম্বরপ্লেট স্থাপন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানায় বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি সংযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহার করতে হয়। এবার ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি আরও কার্যকর করতে সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেট স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমিতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। প্লেটে কোনো নকশা বা বাড়তি সাজসজ্জা রাখা যাবে না।

মোটরসাইকেলের ধরন অনুযায়ী নম্বরপ্লেটের মাপও নির্ধারণ করে দিয়েছে সংস্থাটি। স্কুটারের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অন্যদিকে, স্কুটার ছাড়া সাধারণ মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার।
উভয় ধরনের নম্বরপ্লেটেই অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা মেনে সামনের নম্বরপ্লেট স্থাপনের জন্য মোটরসাইকেলের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ। সময়সীমা অতিক্রম করলে নির্দেশনা না মানা মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এমএ//