দেশজুড়ে

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে লুৎফর জামান আলিফ ফকির (৪৭) নামে এক সংবাদকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তেলুঞ্জিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত আলিফ ফকির কলমাকান্দা উপজেলার পুগলা ইউনিয়নের শুনুই গ্রামের বাসিন্দা। তিনি একটি অনলাইন আইপি টেলিভিশনের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি সংবাদভিত্তিক পেজ পরিচালনা করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের সূত্রে দুর্গাপুরের তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ির এলাকায় বসবাস করতেন আলিফ ফকির। সাংবাদিকতার কাজের অংশ হিসেবে তিনি সীমান্ত এলাকার বিভিন্ন অপরাধের তথ্য সংগ্রহ করতেন। তার পরিচালিত পেজে মাদক পাচার ও চোরাচালানের ভিডিও ফুটেজও প্রকাশ করা হতো। এসব কর্মকাণ্ডের কারণে এর আগে একাধিকবার হামলার শিকার হয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি দোকান থেকে পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিলেন আলিফ ফকির। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে মাথা ও শরীরে কয়েকটি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি খন্দকার শাকের আহমেদ জানান, আলিফ ফকিরের মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নেত্রকোনা #হত্যা #গুলি করে হত্যা