জাতীয়

প্রতি কিলোমিটারে বাসভাড়া বেড়েছে ১৭ পয়সা

বায়ান্ন প্রতিবেদন

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়। এর পরদিন মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে জ্বালানির দাম বাড়ার প্রভাব বিবেচনায় দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং রাজধানীসহ মহানগর ও শহর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (২১ সেপ্টেম্বর) বিআরটিএর বনানী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

বৈঠকে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার প্রস্তাব করা হয়েছিল। একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে বাসভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়।

বিআরটিএর প্রস্তাবটি পরবর্তী সিদ্ধান্তের জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে জ্বালানি তেলের নতুন দাম অনুযায়ী, ডিজেল ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা লিটার হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাস ভাড়া #দাম বৃদ্ধি #জ্বালানি তেল