জাতীয়

রিয়াদে বিমান চলাচল বন্ধ, ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইট বাতিল

বায়ান্ন প্রতিবেদন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল ও ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (১২ অক্টোবর) ভোর ৩টা পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে জানা গেছে।

এ কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ রুটের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী বিজি৩৩৯ ফ্লাইটটি ১১ অক্টোবর রাত ২টা ৫ মিনিটে ঢাকা ছাড়ার কথা ছিল। ফ্লাইট পরিচালনা ও পরবর্তী সময়সূচি সম্পর্কে সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টায় যাত্রীদের জানানো হবে।

ফ্লাইট স্থগিত হওয়ায় যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে এ পরিস্থিতিতে যাত্রীদের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

এদিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ওই হামলায় দুই বাংলাদেশি নিহত এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌদি আরব #কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর