জাতীয়

‘ছেলেটা ভালো স্মৃতি নিয়ে ফিরুক’, সেই জার্মান পর্যটককে ম্যাকবুক উপহার ব্যবসায়ীর

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারিয়ে বিপাকে পড়েছিলেন জার্মানির ১৮ বছর বয়সী পর্যটক ক্রিল ল্যান্ডার। নাটোর সদর থানায় বসে তার কান্নার একটি ভিডিও দেখে মর্মাহত হন রাজধানীর বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুক্তি মাহমুদ। তরুণ পর্যটকের কষ্টে নিজের ছেলের কথা মনে পড়ে তার। এরপর ক্রিলের হাতে একটি ম্যাকবুক তুলে দেন তিনি। তার চাওয়া, বাংলাদেশ ছাড়ার আগে অন্তত কিছু ভালো স্মৃতি নিয়ে দেশে ফিরুন এই তরুণ।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ক্রিল ল্যান্ডারের হাতে ম্যাকবুকটি তুলে দেন মুক্তি মাহমুদ। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরা চুরির খবর দেখছিলেন তিনি। পরে থানায় বসে ক্রিলের কান্নার ভিডিও দেখে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন।

মুক্তি মাহমুদ বলেন, ‘বাংলাদেশে এসে ১৮ বছর বয়সী এক বিদেশি পর্যটকের জিনিসপত্র চুরি হয়ে যাওয়াটা আমাদের জন্য লজ্জার। বিষয়টি আমার খুব খারাপ লেগেছে। ওর বয়সী আমারও একটা ছেলে আছে। সে (ছেলে) বিদেশে পড়াশোনা করে। ছেলের কথা মনে হওয়ায় ঘটনাটি আমাকে আরও নাড়া দেয়।’

ভিডিওটি দেখার পর থেকেই ক্রিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন মুক্তি মাহমুদ। পরে শাওন নামের একজনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে দেখা করেন তিনি।

মুক্তি মাহমুদ বলেন, ‘সবার পক্ষ থেকে একটি ম্যাকবুক উপহার দিয়েছি। বাংলাদেশ ছাড়ার আগে ছেলেটা একটু হলেও যেন ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারে।’

রাজধানীর জিগাতলা এলাকায় বসবাস করেন মুক্তি মাহমুদ। দীর্ঘদিন লন্ডনে থাকার পর বর্তমানে আনজুমান ডিজাইনারস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন তিনি।

মুক্তি মাহমুদ জানান, তার বিদেশি বন্ধুদের অনেকেই ক্রিলের জিনিসপত্র চুরির ঘটনায় বিব্রত হয়েছেন।

তার মতে, এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। বিষয়টি বিবেচনায় নিয়েই পর্যটকটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন তিনি।

নতুন ম্যাকবুক পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন ক্রিল ল্যান্ডার।

তিনি বলেন, ‘জিনিসপত্র হারানোর পর থেকে অনেকেই আমাকে নানাভাবে সাহায্য করেছেন। সহানুভূতি প্রকাশ করেছেন। সত্যিই এটি প্রশংসা করার মতো। আজ একটি ম্যাকবুক পেলাম। ধন্যবাদ জানাচ্ছি। এটা ব্যবহার করে আবার কাজ করতে পারব। এ ঘটনা আমার জীবনের অভিজ্ঞতার অংশ হয়ে থাকবে।’

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, ক্রিল পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করে নিজের ল্যাপটপটি কিনেছিলেন। সেই ল্যাপটপ চুরি হয়ে যাওয়ার ঘটনাটি দুঃখজনক।

তিনি বলেন, ‘ল্যাপটপ ও ক্যামেরা হারানোর ঘটনাটি আমাদের জন্য লজ্জার। পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছে। একজন নিজের উদ্যোগে তাকে ম্যাকবুক উপহার দিয়েছেন। এতে কিছুটা হলেও দেশের সম্মান ফিরবে।’

নতুন ম্যাকবুক পেলেও ক্রিলের চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। নাটোর রেলওয়ে স্টেশনের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে এক ব্যক্তিকে তার ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে। ওই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশের বিভিন্ন ইউনিট।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, চুরি যাওয়া মালামাল উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা চলছে। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা ব্যক্তিকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে।

গত বুধবার (০৭ অক্টোবর) বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাচ্ছিলেন ক্রিল। এ সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে নিজের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে যান তিনি। টাকা তুলে ফিরে এসে ওই ব্যক্তি ও ব্যাগের কোনো খোঁজ পাননি। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কর্মী নন।

এরপর নাটোর সদর থানায় গিয়ে ঘটনাটি জানান ক্রিল। চুরি যাওয়া মালামাল উদ্ধারের আশায় বুধবার দিবাগত রাতে রাজশাহীতে যান তিনি। সেখানে পুলিশ তার থাকা ও খাওয়ার ব্যবস্থা করে। পরদিন বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় আসেন এই জার্মান পর্যটক।

ল্যাপটপ ও ক্যামেরা ফিরে না পেলেও নতুন ম্যাকবুক পেয়ে আবার কাজ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন ক্রিল। বাংলাদেশে এসে মানুষের কাছ থেকে পাওয়া সাহায্য ও সহানুভূতির অভিজ্ঞতা তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ল্যাপটপ #ক্যামেরা #জার্মান পর্যটক #ক্রিল ল্যান্ডার