জাতীয়

জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : আইএসপিআর

জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই সেনাপ্রধানকে নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

শনিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে। মূলত, এসকল তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেই আইএসপিআর মনে করে।

এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য সকলকে বিনীত অনুরোধ জানিয়ে আইএসপিআর বলছে,  সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ এবং দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ।

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধান সম্পর্কিত যেকোনো তথ্যের ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #আইএসপিআর