জাতীয়

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের স্বার্থের পরিপন্থি : রিজভী

সম্প্রতি বিমানবন্দরে ঘটে যাওয়া বিশৃঙ্খলার প্রসঙ্গ তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্যায় বা অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো কিংবা সংবাদ সম্মেলন করার সুযোগ রয়েছে। তবে দায়িত্ব পালনরত কর্মকর্তা বা অন্য কারও ওপর হামলা এবং বিশৃঙ্খলা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের রক্ষা এবং রাজনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে  রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ, মানবতা ও জনগণের স্বার্থের পরিপন্থি।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে ‘কমল কুঁড়ি’ আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী  বলেন,যারা এ হুমকি দিচ্ছে তারা  ১৯৭১, ১৯৮৬ কিংবা ২০২৪ সাল— বিভিন্ন সময়ে তারা জাতীয় স্বার্থের পরিবর্তে দলীয় স্বার্থকে গুরুত্ব দিয়েছে। অন্যদিকে বিএনপি সব সময় জনগণ ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে।

তিনি বলেন,  প্রবাসে কর্মরত বাংলাদেশিরা যে রেমিট্যান্স পাঠান, তা দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এ ধরণের হুমকির অর্থ হলো, আপনারা দেশের মানুষকে ক্ষুধার্ত রাখার, দেশের উন্নয়ন বন্ধ করার এবং অর্থনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত করার হুমকি দিচ্ছেন। কারণ, প্রবাসী আয় আমাদের জাতীয় অর্থনীতির একটি চালিকাশক্তি। আপনারা সেই চালিকাশক্তি বন্ধ করার হুমকি দিচ্ছেন। তাহলে আপনারা কীসের রাজনীতি করেন?

তিনি আরও বলেন, বিদেশে থাকা সব বাংলাদেশি কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের অনুসারী নন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, এমন মানুষও রয়েছেন, যারা কখনো কোনো রাজনৈতিক দল করেননি। তাহলে আপনারা কোন ক্ষমতাবলে রেমিট্যান্স শাটডাউন করবেন? এ জন্য কি কোনো বৈধ আইন রয়েছে? নাকি আপনাদের কোনো গোপন কার্যক্রম রয়েছে, যার মাধ্যমে আপনারা এটি করতে চান?

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বেবী নাজনীন, স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক ও সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রিজভী