বগুড়ার ধুনটে একটি চুরির ঘটনায় গ্রেপ্তার আটজনের সঙ্গে দেখা করতে গিয়ে আরও দুজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মোস্তফা (৪০) ও বাবুল চৌধুরী (৪৮)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ধুনট থানায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ (২ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে ধুনট শহরের ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের প্রথম তলায় মাসুদ টেলিকমে চুরি হয়। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা। এ ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন।
ওই দিন রাতে রাতে তাদের সঙ্গে দেখা করতে থানায় আসেন মোস্তফা ও বাবুল। এ সময় তাদের গতিবিধি ও সংশ্লিষ্টতা সম্পর্কে জানতে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরও গ্রেপ্তার করা হয়।
আই/এ