পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতা আলম প্রামাণিকের বাড়ি থেকে ছয়টি গরু চুরি হয়েছে। ভুক্তভোগী আলম প্রামাণিক সলিমপুর ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আজ (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আলম প্রামাণিক ও তাঁর ভাই মান্নান প্রামাণিক দীর্ঘদিন ধরে অংশীদারত্বের ভিত্তিতে গরুর ব্যবসা করে আসছেন। ব্যবসার কারণে তাঁদের বাড়িতে নিয়মিতই বেশ কিছু গরু রাখা হয়।
আলম প্রামাণিক জানান, বৃহস্পতিবার রাতে গোয়ালঘরে জায়গা না হওয়ায় কয়েকটি গরু বাড়ির সামনের ফাঁকা জায়গায় বেঁধে রাখা হয়েছিল। রাত ১টার দিকে ঘুম থেকে উঠে তিনি গরুগুলো ঠিকঠাক দেখতে পান। পরে রাত ৩টার পর আবার ঘুম ভেঙে বাড়ির সামনে গিয়ে দেখেন, ছয়টি গরু নেই। পরে আশপাশে খোঁজ করেও গরুগুলোর সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন, রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় গরুর ব্যবসার দেখাশোনা মূলত তাঁর ছোট ভাই মান্নান প্রামাণিক করেন। দুই ভাই দীর্ঘদিন ধরে যৌথভাবে এ ব্যবসা পরিচালনা করছেন।
ওসি আশাদুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি চুরি হওয়া গরুগুলো উদ্ধারে পুলিশ কাজ করছে।
আই/এ