প্রথম দুই ম্যাচে হেরে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। গতকাল আসিয়ানে নিয়মরক্ষার ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলে বিধ্বস্ত হয়েছে লাল-সবুজের দল। এমন হারের পর দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রের নাইট ক্লাবের একটি ছবি ভাইরাল হয়েছে। তবে এই ছবিটি এখন নয়, বরং দুই মাস আগে নেপালে তোলা হয়েছিল বলে দাবি করেছেন সাদ উদ্দিনের ইন্দোনেশিয়ার বন্ধু এলেনা।
এলেনা লিখেছেন, ‘একটা ব্যাখ্যা দিতে চাই ছবি ও ভিডিও নেপালে দুই মাস আগের। যেখানে পেশাদার ও প্রকৃত বন্ধুদের সাথে দেখা করেছিলাম।’ দুই মাস আগের ছবি গতকাল পোস্ট করার কারণও ব্যাখ্যা দিয়েছেন পরের প্যারায়, ‘আমার পোস্টে কোনো ভুল বোঝাবুঝি হলে দুঃখিত। আমি সাধারণত দেরিতে পোস্ট করি কারণ আমি যখন ভ্রমণ করি তখন উপভোগ করি।’
এ বিষয়ে সাদ উদ্দিন বলেন, ‘ছবিটি জাকার্তা নয় নেপালে এবং মাসখানেক আগে বিষয়টি পরিষ্কার করার জন্য তাকে (এলেনা) পোস্ট করতে বলেছি। ঐ জায়গায় যাওয়া ঠিক হয়নি কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন ও বন্ধু থাকতে পারে পেশাদার ফুটবলের বাইরে।’
আই/এ