অর্থনীতি

সংকট হবে না এলএনজিতে, অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো

বায়ান্ন প্রতিবেদন

অক্টোবর ও নভেম্বর মাসে দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস—এলএনজির কোনো ঘাটতির আশঙ্কা নেই। চাহিদা অনুযায়ী আগামী দুই মাসে মোট ১৯ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে অক্টোবরে ১০ কার্গো ও নভেম্বরে আসবে ৯ কার্গো।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান মো. আব্দুল মান্নান।

পেট্রোবাংলা চেয়ারম্যান বলেন, অক্টোবর ও নভেম্বরের জন্য প্রয়োজনীয় এলএনজি কার্গো নিশ্চিত রয়েছে। ফলে এলএনজি থেকে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা গ্যাস নিয়েও কোনো সংকট হওয়ার কথা নয়। প্রতি মাসেই পরবর্তী তিন মাসের প্রয়োজনীয় এলএনজি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

জ্বালানি বিভাগের অনুমোদনে দেশে এলএনজি আমদানির বিষয়টি তদারক করে পেট্রোবাংলা। আর এলএনজি আমদানি, কার্গোর সময়সূচি নির্ধারণ, চুক্তি সম্পাদন ও বাস্তবায়ন এবং টার্মিনাল পরিচালনার দায়িত্বে রয়েছে পেট্রোবাংলার অধীন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)।

পেট্রোবাংলা ও আরপিজিসিএল সূত্র জানায়, অক্টোবরে নিশ্চিত হওয়া ১০ কার্গোর মধ্যে স্পট বাজার থেকে কেনা হবে ৩ কার্গো। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আসবে ২ কার্গো এবং স্বল্পমেয়াদি চুক্তিতে আসবে আরও ৫ কার্গো।

নভেম্বরে আমদানি করা হবে ৯ কার্গো। এর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ৬ কার্গো ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় ৩ কার্গো আনার বিষয়টি নিশ্চিত হয়েছে।

চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন উৎস থেকে এসব এলএনজি সংগ্রহ করা হচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী কার্গোগুলো দেশে পৌঁছানোর পর তা জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা হবে।

পেট্রোবাংলার পরিচালক (অর্থ) মিজানুর রহমান বলেন, অক্টোবর ও নভেম্বরের জন্য মোট ১৯ কার্গো এলএনজি নিশ্চিত করা হয়েছে। এসব এলএনজি কেনা হচ্ছে যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা ও অস্ট্রেলিয়া থেকে।

তিনি জানান, আমদানি করা এলএনজির মধ্যে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির কার্গোর পাশাপাশি স্পট বাজার থেকেও কেনা হচ্ছে। চাহিদা অনুযায়ী আমদানি নিশ্চিত থাকায় আগামী কয়েক মাস এলএনজি সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা নেই।

আরপিজিসিএলের তথ্য অনুযায়ী, প্রতিটি এলএনজি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ বা মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট গ্যাস থাকে। সেই হিসাবে অক্টোবর ও নভেম্বরের ১৯ কার্গোতে মোট প্রায় ৬ কোটি ৮ লাখ এমএমবিটিইউ এলএনজি আমদানি নিশ্চিত হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #তরলীকৃত প্রাকৃতিক গ্যাস #এলএনজি #আমদানি #আশঙ্কা