২০২৬-২৭ অর্থবছরে মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য নতুন করে অন্তর্ভুক্ত ও সংশোধনের সুযোগ দিতে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির সফটওয়্যার চালু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে ব্যাংক হিসাবের তথ্যে ভুল থাকায় যেসব শিক্ষার্থী বৃত্তির অর্থ পাননি বা অর্থ ফেরত গেছে, তাদের তথ্য সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) মাউশির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য আগে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হয়নি, তারাও নতুন করে তথ্য এন্ট্রি করার সুযোগ পাবেন। ইলেকট্রনিক তহবিল স্থানান্তর পদ্ধতিতে বৃত্তির অর্থ পাঠানোর জন্য শিক্ষার্থীদের বৃত্তি ও ব্যাংক হিসাবের তথ্য নির্ভুলভাবে অন্তর্ভুক্ত ও সংশোধন করতে হবে।
ব্যাংক হিসাবের তথ্য ভুল থাকায় যেসব শিক্ষার্থীর বৃত্তির অর্থ ফেরত গেছে কিংবা হিসাবে জমা হয়নি, তাদের তথ্যও যাচাই করে সংশোধন করতে হবে। এ ক্ষেত্রে ব্যাংক ও শাখার নাম, রাউটিং নম্বর, হিসাব নম্বর, একক বা যৌথ হিসাবের ধরন এবং নিষ্ক্রিয় ব্যাংক হিসাবসংক্রান্ত সমস্যাগুলো সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিষ্ক্রিয় হিসাব সচল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তথ্য যাচাই শেষে পুনরায় সংরক্ষণ করতে হবে। তথ্য অন্তর্ভুক্তি ও সংশোধনের সময় মাউশির দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
তবে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বৃত্তির সফটওয়্যারে বৃত্তিসংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত করা যাবে না। তথ্য এন্ট্রি বা সংশোধনে কোনো ভুল কিংবা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দায়ী করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
নির্দেশনা বাস্তবায়নের জন্য সরকারি ও বেসরকারি কলেজ, স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, শিক্ষক প্রশিক্ষণ কলেজ, মেডিকেল ও প্রকৌশল কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এসি//