দেশজুড়ে

রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে  অভিযান চালিয়ে একটি রিভলবার, তিন রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেলসহ মো. নাসিম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে যায়। গ্রেপ্তার নাসিম হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের মো. শফিকুল ইসলাম ও নাজমা খাতুনের ছেলে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল কাজীপুর থানা পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্বে সীমান্ত বাজার এলাকায় অবস্থান করছিল। পরে সোমবার রাত সাড়ে ১২টার দিকে গান্ধাইল ইউনিয়নের সীমান্ত বাজার এলাকায় সড়কের ওপর চেকপোস্ট স্থাপন করা হয়।

রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে দুই আরোহীসহ একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় পেছনে বসা ব্যক্তি মোটরসাইকেল থেকে লাফিয়ে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল চালক নাসিম হোসেনকে আটক করা হয়।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে নাসিমের দেহ তল্লাশি করে তার জিন্সের প্যান্টের কোমরের বা পাশে গোঁজা অবস্থায় একটি রিভলবার পাওয়া যায়। অস্ত্রটির ব্যারেলের বা পাশে ইংরেজিতে ‘BARMA’ লেখা ছিল। বাটসহ অস্ত্রটির দৈর্ঘ্য ৯ ইঞ্চি। এ ছাড়া রিভলবারের ম্যাগাজিনে লোড করা তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ সময় তাদের ব্যবহৃত ইয়ামাহা কোম্পানির এফজেড-এস ভার্সন ৩.০ মডেলের একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার নাসিম হোসেন ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনের ১৮৭৮ সালের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় কাজীপুর থানায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ