রাজধানী

৫০ লাখ টাকা চাঁদা দাবি, বহিস্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও এসআরবি সদস্য পরিচয় দিয়ে এক ব্যাবসায়ীর বাসায় ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদলের বহিস্কৃত নেতা ইব্রাহিম হোসেন ওরফে তালা ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সোমবার (২৮ সোমবার) মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ৭ নম্বর সড়কের একটি বাসায় ১৫ থেকে ২০ জনের একটি দল প্রবেশ করে। তারা নিজেদের সেনাবাহিনী ও র‍্যাবের (এসআরবি) সদস্য হিসেবে পরিচয় দেয়। পরে বাসায় থাকা লোকজনকে জিম্মি করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

এ সময় চাঁদা নিতে আসা ব্যক্তিরা বাসার লোকজনকে মারধর করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তারা নগদ ১২ হাজার টাকা ও প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের একটি হাতঘড়ি নিয়ে যান।

ওই ব্যক্তিদের পরিচয় নিয়ে সন্দেহ হওয়ায় ভুক্তভোগী মোহাম্মদপুর থানায় ফোন করেন। বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত ব্যক্তিরা তাকে হুমকি দিয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে যান। যাওয়ার সময় তারা নিচে সেনাবাহিনী ও র‍্যাবের গাড়ি রয়েছে এবং তাকে গ্রেপ্তার করতে লোকজন আসছে বলে ভয় দেখান। পরে তারা সেখান থেকে চলে গেলে ভুক্তভোগী থানায় গিয়ে মামলা করেন।

ওসি আব্দুল হালিম জানান, চাঁদাবাজির মামলায় যুবদলের এক বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, ৫ আগস্টের পর ইব্রাহিম বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা না দেওয়ায় তালা লাগিয়ে দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। পরে তালা খুলতে অনেককে চাঁদা দিতে হয়েছে বলে তারা দাবি করেন। সেই থেকেই তার নাম ছড়িয়ে তালা ইব্রাহিম নামে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #চাঁদা #যুবদল #নেতা #গ্রেফতার