ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে মির্জা ফয়সল আমিন গণমাধ্যমকে জানান, ঠাকুরগাঁওয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা আমাকেই নির্বাচিত করবে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান। নির্বাচনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে গেল ২০ সেপ্টেম্বর বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন।
এদিকে, এই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনও ইতোমধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, ঠাকুরগাঁও ১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮জন ভোটার রয়েছে। এই আসনে ৬ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ করা হবে ৮ অক্টোবর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।
আর/আই