আন্তর্জাতিক

সামাজিক যোগাযোগমাধ্যমে গহনা-টাকার প্রদর্শন, রাতে সব নিয়ে গেল চোর

আন্তর্জাতিক ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত গহনা, নগদ টাকা ও পরিবারের ভ্রমণের ছবি-ভিডিও প্রকাশ করতেন ভারতের তামিলনাড়ুর নারী ইনফ্লুয়েন্সার মধুমিতা। এবার তার অনুপস্থিতির সুযোগে বাড়িতে ঢুকে প্রায় ১ কোটি রুপি মূল্যের স্বর্ণ ও হীরার গহনা এবং নগদ অর্থ চুরি করেছে দুর্বৃত্তরা।

ঘটনার পর পুলিশ খতিয়ে দেখছে, মধুমিতার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট থেকেই চোরেরা তার বাড়িতে চুরির পরিকল্পনা করেছিল কি না।

মধুমিতার সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী রয়েছে সাড়ে চার লাখের বেশি। তিনি নিয়মিত নিজের দামি গহনা ও বিপুল পরিমাণ নগদ অর্থের ছবি ও ভিডিও অনুসারীদের সঙ্গে শেয়ার করতেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুমিতা পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটার জন্য বাইরে যান। এ সময় বাড়ির পেছনের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে চোরেরা। পরে একটি আলমারি থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার, মূল্যবান হীরার গহনা এবং ৫০ হাজার রুপি নগদ নিয়ে পালিয়ে যায় তারা।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চুরির কয়েক দিন আগে মধুমিতা বিছানার ওপর টাকার বান্ডিল ছড়িয়ে এবং শরীরে বিপুল পরিমাণ গহনা পরে বেশ কয়েকটি ছোট ভিডিও ও ভিডিওচিত্র প্রকাশ করেছিলেন। পরিবারের সদস্যদের নিয়ে তিনি কখন বাইরে যাচ্ছেন এবং কোথায় যাচ্ছেন, সেই তথ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন।

পুলিশের ধারণা, চোরেরা হয়তো দীর্ঘদিন ধরে মধুমিতার সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব পর্যবেক্ষণ করছিল। তার পোস্ট দেখে বাড়ি কখন ফাঁকা থাকবে কিংবা গহনা কোথায় রাখা আছে—এ ধরনের তথ্য তারা পেয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর মধ্যে আরও একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এর আগে এক ভিডিওতে মধুমিতা দাবি করেছিলেন, মূল্যবান জিনিসপত্র কীভাবে নিরাপদে রাখতে হয়, সে বিষয়ে তিনি ভালোভাবেই জানেন। চুরির ঘটনার পর তার সেই পুরোনো ভিডিওটি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সামাজিক যোগাযোগমাধ্যম #নগদ টাকা #গয়না #চুরি #তামিলনাড়ু #ভারত