রাজধানীর বারিধারায় গাড়িচাপায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান (২৪) নিহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে অভিযুক্ত কিশোর আজান আলী শরিফের পরিবার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কিশোরের আইনজীবী আলমগীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, ‘দাফন-কাফনবাবদ এক লাখ টাকা এবং মেহেদীর বৃদ্ধ বাবা-মায়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ৮ লাখ টাকা দেওয়া হয়েছে।’
নিহত মেহেদীর ভাই ও মামলার বাদী মোক্তাদির ইসলামের আপসের বিষয় স্বিকার করে জানান, ‘মামলার বিষয়ে আপস হয়েছে। কত টাকায় আপস হয়েছে জানি না। আমার মামা জানেন।’
এর আগে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকার শিশু আদালত-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির গ্রেপ্তার আজানকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।
আপসের বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার এসআই আরেফীন ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। এতে তদন্তে প্রভাব পড়বে না। আমরা আমাদের মতো তদন্ত করে যাবো।
গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে। ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মেহেদীকে চাপা দেয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়িটির চালকের আসনে থাকা আজানকে আটক করে পুলিশে দেন।
আই/এ