চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
এমআরটি পুলিশের অপারেশন শাখার পরিদর্শক মো. মহসীন শেখ বাংলানিউজকে জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের একটি দরজা চলন্ত অবস্থায় খুলে যায়।
দরজা খুলে যাওয়ার বিষয়টি জানার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সকাল ৭টা ৩৭ মিনিটে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল স্থগিত করা হয়।
পরে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে সকাল ৮টা ৩ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয়। এতে রুটটিতে প্রায় ২৬ মিনিট মেট্রোরেল চলাচল ব্যাহত হয়।
এমআরটি পুলিশ জানিয়েছে, বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।
এসি//