বাগেরহাটের রামপালে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই শেখ আহাদ আহমেদ ইতু (২৩) হত্যা মামলার এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল। গ্রেপ্তারকৃতরা হলেন, রামপাল উপজেলার কিসমত চণ্ডিতলা গ্রামের জাফর শেখের ছেলে বাকী বিল্লাহ শেখ (৪৭) ও মাসুম বিল্লাহ শেখ (৫ার/
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) খুলনার ফুলতলা থানার লারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬-এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এসআরবি-৬ সূত্র জানায়, মৎস্য ঘের ও বসতবাড়ির জায়গা-জমি নিয়ে বাদীপক্ষের সঙ্গে আসামিপক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত ২১ সেপ্টেম্বর রামপাল উপজেলার চণ্ডীতলা গ্রামে বাদীর বাড়ির সামনের রাস্তায় আসামিরা বাদীর বাবাকে গালাগাল ও তুচ্ছ-তাচ্ছিল্য করেন।এ সময় বাদীর ছোট ভাই শেখ আহাদ আহমেদ ঘর থেকে বের হয়ে রাস্তায় এলে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই শেখ রাহাত বাদী হয়ে রামপাল থানায় হত্যা মামলা করেন।
এসআরবি-৬-এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান জানান, মামলার এজাহার বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে খুলনার ফুলতলার লারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
আর/আই