বিএনপি

৭১ আর ২৪ এর রাজাকার মিলেমিশে সরকারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ‘আজ যখন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন, তখন সেই একাত্তরের রাজাকার এবং চব্বিশের রাজাকার মিলে মিশে একাকার হয়ে গেছে। সরকারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা যদি বিএনপি সরকারকে ব্যর্থ করতে যায় তাহলে তাদেরকে ব্যর্থ করে দেওয়া হবে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা চব্বিশে গণহত্যা চালিয়েছে তাদের রাজনীতি করার অধিকারই নেই। তারা পদে পদে এই রাষ্ট্রকে নিয়ে চক্রান্ত, ষড়যন্ত্র করছে। অতীতে তারা পার পায়নি, এখনও চক্রান্ত করে সেই একাত্তরের রাজাকার জামায়াতে ইসলামী এবং চব্বিশের রাজাকার আওয়ামী লীগও সফল হতে পারবে না।

তিনি বলেন, ‘শেখ মুজিব হত্যাকাণ্ডের পর ভারত চেষ্টা করছিল এই দেশে আরেকটি সেনা অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে। ৩ নভেম্বর সেই চেষ্টা সফল হয়েছিল। কিন্তু ৭ নভেম্বর বাংলাদেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছিল। তিনি ক্ষমতা দখল করেন নাই। জনগণ বিশ্বাস করে সিপাহী বিপ্লবের মাধ্যমে তাকে ক্ষমতায় বসিয়েছিল। যারা বলে থাকে, বিএনপি জোরপূর্বক ক্ষমতায় বসেছিল, ওরা ইতিহাসকে বিকৃত করছে। ওরা ইতিহাস জানে না।’

তিনি আরও বলেন, ৭ নভেম্বর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহী জনতার যে প্রতিরোধ ছিল, সেই ইতিহাস আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। মূলত দিনটি ছিল ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সিপাহী জনতার বিপ্লব।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশেদ খাঁন