জ্বালানির মূল্য বাড়ায় সাধারণ মানুষের ওপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে, সে জন্য বাসভাড়া নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট, রাশিয়ার জ্বালানি খাতে ইউক্রেনের হামলাসহ বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে। তবে এর ফলে সাধারণ মানুষের ওপর যেন অতিরিক্ত চাপ তৈরি না হয়, সে বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে। বাসভাড়া নিয়ন্ত্রণেও সরকার প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেবে।
দেশে গ্যাসের মজুত ও উৎপাদন বাড়ানোর উদ্যোগের বিষয়ে তিনি জানান, ২০৩০ সালের মধ্যে ছয়টি নতুন গ্যাসকূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি আরও নয়টি কূপ খননের পরিকল্পনাও রয়েছে।
এদিকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ বোয়িং কিনছে—এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে প্রধানমন্ত্রীর এবারের সফরে বোয়িং কোম্পানির সঙ্গে কোনো বৈঠক বা নিশ্চিত কর্মসূচি রয়েছে কি না, তা তাঁর জানা নেই।
তিনি আরও বলেন, বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য তার কাছে নেই।
এসি//