আন্তর্জাতিক

ইন্তেকাল করেছেন মসজিদুল হারামের মুয়াজ্জিন

আন্তর্জাতিক ডেস্ক

মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২১ সেপ্টেম্বর) ফজরের সময় মক্কা নগরীতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

হারামাইন শরীফাইনের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শায়খ ইবরাহিম আল-মাদানির ইন্তেকালের খবর জানানো হয়।

শায়খ ইবরাহিম আল-মাদানি মসজিদুল হারামের মুকাব্বিরিয়ার অন্যতম দায়িত্বশীল মুয়াজ্জিন ছিলেন। মুকাব্বিরিয়ার মুয়াজ্জিনরা আজান দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ইমামের তাকবির মুসল্লিদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন।

মসজিদুল হারামে নিয়মিত মুয়াজ্জিন রয়েছেন মোট ২৪ জন। প্রতিদিন তাদের মধ্যে ছয়জন পাঁচ ওয়াক্ত নামাজের আজান ও ফজরের প্রথম আজান দেওয়ার দায়িত্ব পালন করেন। ফজরের আজান ও তাকবির দেওয়ার ক্ষেত্রে শায়খ ইবরাহিম আল-মাদানির বিশেষ পরিচিতি ছিল।

জানা গেছে, মসজিদুল হারামে তার সর্বশেষ আজান ছিল ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরিতে। আজান ছাড়াও হজ ও ঈদের তাকবিরসহ বিভিন্ন সময় তার কণ্ঠে দেওয়া আজানের রেকর্ড সংরক্ষিত রয়েছে।

শায়খ ইবরাহিম আল-মাদানি ১৩৯৭ হিজরিতে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। পারিবারিক পরিবেশেই তিনি পবিত্র কোরআন হিফজ করেন। মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেওয়ার মধ্য দিয়ে তার মুয়াজ্জিন জীবনের শুরু হয়।

১৪২৮ হিজরিতে তিনি মদিনার মসজিদ আল-মাদ্দাহতে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। পরে ১৪৩৯ হিজরিতে আনুষ্ঠানিকভাবে তাকে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মদিনায় বেড়ে ওঠার কারণে আজানের মাদানি রীতি ও সুরের সঙ্গে শায়খ ইবরাহিম আল-মাদানির গভীর পরিচয় তৈরি হয়। তার বাবা তাকে মক্কায় নিয়ে যাওয়ার পর তিনি মক্কি আজানের স্বতন্ত্র ধরন ও সুরের সঙ্গেও পরিচিত হন।

মক্কায় থাকার সময় মসজিদুল হারামের সাবেক মুয়াজ্জিন শায়খ আবদুল লতিফ মুল্লার সঙ্গে তার সাক্ষাৎ হয়। এর ফলে মক্কি ও মাদানি—আজানের দুই ভিন্ন ধারার বৈশিষ্ট্য কাছ থেকে শেখার সুযোগ পান শায়খ ইবরাহিম আল-মাদানি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মসজিদুল হারাম #প্রবীণ মুয়াজ্জিন #শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি #ইন্তেকাল