দেশজুড়ে

মাদকের টাকা জোগাড়ে সন্তানকে বিক্রির চেষ্টা, ৯৯৯-এ ফোনে উদ্ধার

চট্টগ্রামে মাদক কেনার অর্থ জোগাড় করতে ২০ মাস বয়সী মেয়েকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে একই রাতে পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেন থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এরপর তাকে তার মা সীমার কাছে ফিরিয়ে দেওয়া হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সীমা (২৬) ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন, তার স্বামী লোকমান হোসেন সাগর (২৭) তাদের ২০ মাস বয়সী মেয়েকে বিক্রি করার উদ্দেশ্যে জোর করে বাসা থেকে নিয়ে গেছেন। তার স্বামী মাদকাসক্ত বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগ অনুযায়ী, শনিবার রাতে লোকমান তাদের মেয়ে ফাতেমা আক্তারকে মাদক সেবনের টাকা জোগাড় করতে বিক্রি করার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হন। বিষয়টি জানতে পেরে পুলিশকে ফোন করেন সীমা।

খবর পাওয়ার পর শিশুটির সন্ধানে অভিযান শুরু করে পুলিশ। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেন এলাকা থেকে ফাতেমাকে উদ্ধার করা হয়। পরে তাকে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি মোহাম্মদ একরাম উল্লাহ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম