জাতীয়

২০২৭ সালে সরকারি ছুটির তালিকা অনুমোদন দিলো মন্ত্রিসভা

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সরকারি ছুটি থাকবে মোট ২৯ দিন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সভা কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১৫ দিন সাধারণ ছুটি। এই ছুটির মধ্যে চারটি সাপ্তাহিক ছুটির দিন, দুটি শুক্রবার ও দুটি শনিবার।

বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। এরমধ্যে ৩টি সাপ্তাহিক ছুটির দিন, একটি শুক্রবার ও দুটি শনিবার।

সচিব আরও জানান, ধর্মীয় উৎসব পালনের জন্য সরকারি কর্মচারীরা নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এ ছাড়া, পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীরা তাদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা ধর্মীয় বিশেষ উৎসব উদযাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি পাবেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ছুটি