দেশজুড়ে

বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রাইভেটকারের চালকও রয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় বাসের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষের খবর আসে গজারিয়া ফায়ার স্টেশনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

সংঘর্ষে প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতরা হলেন—মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) ও প্রাইভেটকারচালক সোহেল। সোহেল ঢাকার গেন্ডারিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ‘নিউ বলেশ্বর’ নামের বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। আর প্রাইভেটকারটি মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে ফিরছিল। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। প্রাইভেটকারটিতে চালকসহ পাঁচজন ছিলেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে এবং এর বিস্তারিত পরিস্থিতি কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মুন্সিগঞ্জ #যাত্রীবাহী বাস #প্রাইভেটকার #সংঘর্ষ #নিহত