দেশজুড়ে

খুঁটিতে বেঁধে ও পিঠে ইট দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

কক্সবাজারের মহেশখালীতে মো. ফয়সাল (২৬) নামে এক যুবককে চোর সন্দেহে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দুই হাত বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ফয়সাল বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকার নুরুল আলমের ছেলে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব ফকিরাঘোনা এলাকার মিয়াজির পাড়া মাওলানা কেফায়েত উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সুলতান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাতে চোর সন্দেহে ফয়সালকে আটক করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। মঙ্গলবার সকালেও তাকে কয়েক দফা পেটানোর একপর্যায়ে তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন কিশোর ও যুবক ফয়সালকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করছে। একপর্যায়ে তার পিঠের ওপর ইট রেখেও আঘাত করা হয়

নিহতের বাবা নুরুল আলম বলেন, আমার ছেলে সড়কের শ্রমিক হিসেবে কাজ করে। মঙ্গলবার ফজরের সময় কাজের জন্য লোক ডাকতে বের হয়েছিল সে। আমার ছেলে যদি চুরিই করত, তবে তার কাছে তো চোরাই মোবাইল, টাকা বা স্বর্ণ পাওয়া যেত। কিন্তু তার কাছে তো কিছুই পাওয়া যায়নি।

ওসি মোহাম্মদ আব্দুস সুলতান জানান, খবর পেয়ে পুলিশ ফয়সালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিকের ছেলে তকিকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #চোর সন্দেহে #পিটিয়ে হত্যা