ডোপ টেস্টে ‘বেনজোডায়াজেপিনস’ ও ‘অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন’ পজিটিভ আসায় পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। গত ১০ সেপ্টেম্বর প্রজ্ঞাপনটি স্বাক্ষরিত হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত এই কর্মকর্তা চলতি বছরের ৮ জানুয়ারি মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত ‘ডিএসসিএসসি-২০২৬’ কোর্সে অংশ নিতে পুলিশ সদর দপ্তর থেকে প্রস্থান করেন। পরবর্তীতে কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
সিএমএইচে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হলে ইউরিনে নিষিদ্ধ রাসায়নিক উপাদান ও মাদকের উপস্থিতি ধরা পড়ে।
ডোপ টেস্টের এই ফলাফল ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলার পরিপন্থি এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ।
শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রজ্ঞাপনে গত ৩১ আগস্ট থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার কথা জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী কেবল খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে জারি করা এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
আর/আই