আইন-বিচার

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে ধর্মঘট ডাকা অবৈধ : হাইকোর্ট

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে কোনো ধরনের হরতাল বা ধর্মঘট কর্মসূচি ডাকাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এ ধরনের ধর্মঘট বা হরতাল ডাকলে বাস মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) একটি রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ডিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনিরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনার পর বাসচালকের বিরুদ্ধে মামলা হলে ২০১৭ সালে ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ড্রাইভারকে সাজা দেন।

ওই সাজার প্রেক্ষিতে বাস মালিকরা পরিবহন ধর্মঘট ও হরতাল ডাকলে এবং তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট করে।

 ওই রিট শুনানি শেষে ২০১৭ সালের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে জানতে চান আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট বা হরতাল আহ্বান কেন বেআইনি ঘোষণা করা হবে না

আদালতে রিটের পক্ষে শুনানিকারী জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন,আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে ধর্মঘট বা হরতাল ডাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ফৌজদারি আইনে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র সচিব, বিআরটিএ ও বিআরটিসিকে।  

আদালতে রিটের পক্ষে আরও ছিলেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল ও অ্যাডভোকেট রিপন বাড়ৈ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আহসান হাবীব। বিআরটিসির পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিবুল হক। বিআরটিএর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. রাফিউল ইসলাম।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ধর্মঘট #হাইকোর্ট