আন্তর্জাতিক

প্রথমবারের মতো ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রথমবারের মতো ভারতের গুজরাট থেকে এসেছে ৫০০ টন ইলিশ। সাধারণত প্রতি বছর দুর্গাপূজার সময় বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি হয় ভারতে। কিন্তু এবার ঘটল উল্টো ঘটনা।

শনিবার (১২ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  এ বছর গুজরাটে প্রচুর পরিমাণে ইলিশ উৎপাদন হয়েছে। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশেও এবার পূজার আগে ইলিশ পাঠানো হবে। এরই মধ্যে প্রায় ৫০০ মেট্রিক টন গুজরাটি ইলিশ বাংলাদেশে পাঠানো হয়েছে। এটি এবারই প্রথমবার হলো।

সৈয়দ আনোয়ার মাকসুদের কথায়, গুজরাটের ইলিশ আকারে বড় এবং দেখতেও আকর্ষণীয়। তবে ডিমভর্তি ও নোনা হওয়ার কারণে স্বাদ তুলনামূলক কম। তাই দামও কম। মূলত পরীক্ষামূলক হিসেবেই এই মাছ বাংলাদেশে পাঠানো হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে ডিমভর্তি ইলিশের চাহিদা বেশি। ওই মাছ থেকে ডিম বের করে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা হয়। আর ডিম বের করার পর ইলিশ শুকিয়ে স্থানীয় বাজারে বিক্রি করা হয়।

এদিকে দুর্গাপূজা উপলক্ষ্যে ১ মাস ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে ভারত। পদ্মার ইলিশ বিখ্যাত হওয়ায় পূজার সময় এ ইলিশের চাহিদা কোলকাতায় বেশি থাকে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইলিশ