দেশের আকাশে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ওই দিন বন্ধ থাকবে।
২৩ সেপ্টেম্বরের পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক নিয়মে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম চলবে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় থাকবে নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে ২৪ সেপ্টেম্বর কেউ ঐচ্ছিক ছুটি নিলে টানা চার দিনের অবকাশ পাওয়ার সুযোগ থাকছে। তবে ২৪ সেপ্টেম্বর কোনো সরকারি ছুটি নেই।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আলাদা কোনো সরকারি ছুটি রাখা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরদিন বৃহস্পতিবার যথারীতি কার্যক্রম চলবে।
এদিকে ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা পড়েছে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।
বিশ্ববিদ্যালয় কি বন্ধ থাকবে?
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে কি না, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় নিজেই নিতে পারে। কারণ দেশের বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় তাদের ছুটির তালিকা ও একাডেমিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।
তাই ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবে—এমন কোনো নিয়ম নেই। কোনো বিশ্ববিদ্যালয় এদিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে পারে, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রমও চলতে পারে। শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ছুটির তালিকা বা বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
এসি//