রাজধানীর গুলশানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১২ সেপ্টেম্বর) দিনভর ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গুলশানের ওই ঝটিকা মিছিলে সরাসরি সম্পৃক্ততা পাওয়ার পর অভিযান চালিয়ে এই ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে কয়েক’ শ নেতাকর্মী জড়ো হয়ে আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিল বের করার চেষ্টা করেন।
খবর পেয়ে পুলিশ বাধা দিলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে জনশৃঙ্খলা রক্ষায় মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে মিছিলে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, শুক্রবার ভোলা মসজিদের সামনে থেকে হঠাৎ মিছিলের চেষ্টা চালানো হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। সে সময় ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে দুজনকে আটক এবং পাঁচটি ককটেল জব্দ করে পুলিশ।
আর/আই