আইন-বিচার

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল, রিট খারিজ

আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রমের ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নিষেধাজ্ঞা বলবৎ থাকছে। প্রজ্ঞাপনটির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন উত্থাপিত হয়নি (নট প্রেস) উল্লেখ করে খারিজ করেছেন হাইকোর্ট।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের এই আদেশের ফলে দলটির যাবতীয় রাজনৈতিক তৎপরতার ওপর আরোপিত বিধি নিষেধ অব্যাহত থাকছে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন এ রিট আবেদনটি দায়ের করেন। আদালতে রিট আবেদনটির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী।

আবেদনে ২০২৫ সালের ১২ মে জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞাটি কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। একই সঙ্গে রিট বিবেচনাধীন থাকা অবস্থায় ওই প্রজ্ঞাপনের সব কার্যকারিতা স্থগিতের আবেদনও করা হয়েছিল।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের সাংগঠনিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।  

গত বছরের ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়, বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত দলটির কোনো সভা-সমাবেশ, মিছিল, সম্মেলন এবং সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে যেকোনো প্রকার প্রচার-প্রচারণাসহ সার্বিক কর্মকাণ্ড সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #আওয়ামী লীগ #নিষেধাজ্ঞা #স্বরাষ্ট্র মন্ত্রণালয়