ভোরের বৃষ্টিতে রাজধানীর ব্যস্ত সকালটা শুরু হয়েছে কিছুটা ভিন্ন আবহে। হঠাৎ নামা একপশলা বৃষ্টিতে ভিজেছে ঢাকার বিভিন্ন এলাকা। বৃষ্টি থামলেও আকাশে রয়ে গেছে মেঘের উপস্থিতি। আবহাওয়া অধিদপ্তর বলছে, দিনের বাকি সময়েও রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও সঙ্গে থাকতে পারে দমকা ও ঝোড়ো হাওয়া।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯২ শতাংশ। শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
শুধু রাজধানী নয়, দেশের আরও কয়েকটি অঞ্চলের আবহাওয়াতেও পরিবর্তনের আভাস রয়েছে। ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরভাগের পূর্বাভাসে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে।
এ পরিস্থিতিতে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সময় নদীপথে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এসি//