দেশজুড়ে

নেত্রকোনায় নেই অডিটরিয়াম, স্থবির সংস্কৃতি অঙ্গন

নেত্রকোনা প্রতিনিধি

শৈলজারঞ্জন, বাউল সাধক উকিল মুন্সি, জালাল খাঁ, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, কবি হেলাল হাফিজ, কবি নির্মলেন্দু গুণ, লোক শিল্পী কুদ্দুস বয়াতি ও এ প্রজন্মের জনপ্রিয় বাউল শিল্পী আব্দুস সালাম সরকার সহ অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্বের বাড়ি এই নেত্রকোনা জেলাতে। পাহাড়, সমতল ও হাওরের এই অঞ্চলে ভিন্ন ভিন্ন সংস্কৃতি থাকলেও এক যুগেরও বেশি সময় ধরে নেই অডিউটোরিয়াম। তাই স্থবির হয়ে আছে এখানকার সাংস্কৃতিক অঙ্গন।  

১৯৭৯ সালে সংস্কৃতি মন্ত্রনালয়ের পক্ষ থেকে নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়া মাঠ সংলগ্ন এলাকায় একটি অডিটরিয়াম নির্মাণ করা হয়। যার নাম দেওয়া হয় মহুয়া অডিটরিয়াম। এরপর থেকে এখানে সাংস্কৃতিক সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। জারি-সারি, বাউল গান, নাটক-যাত্রাপালাসহ গ্রামবাংলার ঐতিহ্য কিচ্ছাপালা অনুষ্ঠিত হতো।

পরবর্তীতে দিনবদলের পাশাপাশি এটি ধীরে ধীরে পুরাতন হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। উপরের অংশসহ ভেঙ্গে যায় দেয়াল ও বসার স্থানগুলো। ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ হয়ে যায় বিভিন্ন অনুষ্ঠান। এ অবস্থায় পৌরসভা পক্ষ থেকে ২০০৯ সালে এটিকে পরিত্যাক্ত ঘোষণা করেন।

সংস্কারের উদ্যোগ নিলে মালিকানার নিয়ে পৌরসভা ও জেলা শিল্পকলার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পৌর কর্তৃপক্ষ মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের করলে দুই পক্ষের মধ্যে শুরু হয় আইনী লড়াই। । দীর্ঘদিন মামলা চলার পর ২০২৩ সালে আদালত শিল্পকলার পক্ষে রায় দেন।

এরপর থেকে শিল্পকলা একাডেমী অডিউটোরিয়াম নির্মাণের চেষ্টায় তদবির শুরু করে। এবার সারা  দেশে ১৩টি জেলায় শিল্পকলা একাডেমী ভবন সহ অডিউটোরিয়াম নির্মাণের অনুমোদন হয়। অর্থ মন্ত্রণালয় থেকে টাকা ছাড় পেলেই নির্মাণ কাজের প্রক্রিয়া শুরু হবে।

নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমীর  কালচারাল কর্মকর্তা মো: আতিকুর রহমান বলেন, মহুয়া অডিটরিয়ামের জমি আদালতের রায়ের পর শিল্পকলা একাডেমীর অধীনে চলে আসে। এরপর থেকে এখানে ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়। বর্তমান জেলা প্রশাসক স্যার ও সদরের এমপি মহোদয় অডিটরিয়ামের ভবন নির্মানের জন্য প্রয়োজনীয় কাপজপত্রাদি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রেরন করেন। কয়েকদিন আগে মন্ত্রণালয় থেকে শিল্পকলা একাডেমীর ভবন সহ অডিউটোরিয়াম নির্মাণের অনুমোদনের চিঠি পেয়েছি। 

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সারাদেশে ১৩টি জেলায় অডিউটোরিয়াম নির্মাণের অনুমোদন হয়েছে। এরমধ্যে নেত্রকোনায় শিল্পকলা একাডেমী ভবন সহ অডিউটোরিয়াম নির্মাণের অনুমোদন হয়েছে। প্রক্রিয়া শেষে নির্মাণ কাজ শুরু হবে।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #নেত্রকোনা #শিল্পকলা #মহুয়া অডিটরিয়াম