পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘ছিনতাই, মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। প্রত্যেক মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী একাধিকবার আইনের আওতায় এসেছে। আইনের ফাঁকফোকরের কারণে তাদের আবদ্ধ রাখতে পারিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ: পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ’ শীর্ষক এক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসে আবার একই অপরাধে জড়িয়ে পড়ছে। তেমনি জামিনে বেরিয়ে এসে ছিনতাই করতে গিয়ে একজন শিক্ষককে মেরে ফেলা হলো। এই বিষয়গুলো প্রতিরোধ করতে জনগণের সহযোগিতা প্রয়োজন। কারণ, এক হাজার জনগণের জন্য মাত্র একজন পুলিশ রয়েছে। যার কারণে সমাজের সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে আইন প্রয়োগ করা দরকার।
তিনি বলেন, ‘একজন সন্তান মাদকে জড়িয়ে পড়লে শুধু তার নিজের জীবনই নষ্ট হয় না, পুরো পরিবারকে খেসারত দিতে হয়। পুলিশ কর্মকর্তা হিসেবে কাজ করার সময় এমন ঘটনাও দেখেছি, যেখানে মাদকের টাকা না দেওয়ায় সন্তান নিজের বাবাকেই মারধর করে আহত করেছে।’
তিনি আরও বলেন, এ জন্য খারাপ কাজে জড়িত না হতে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। দেশকে সুন্দর ও শান্তিময় করে গড়ে তুলতে হবে।
আই/এ