রাজধানী

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আটক

রাজধানীর গুলশান থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গুলশান-২-এর একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি জানিয়েছে,  গুলশান-২-এর ১১৩ নম্বর সড়কের একটি বাসায় আত্মগোপনে ছিলেন স্বপন ভট্টাচার্য। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বপন ভট্টাচার্য