সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কওমি ছাত্র ঐক্য পরিষদ।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, একই স্থানে বিকেল ৩টায় পাল্টা কর্মসূচি হিসেবে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ঘোষণা করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ জানান, পূর্বঘোষিত আজকের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাংগঠনিক সমন্বয় সভা বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। সভায় কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
কওমি ছাত্র ঐক্য পরিষদ নেতা আব্দুল খালেক বলেন, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর মিথ্যাচারের প্রতিবাদে গতকাল রাতে আমরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি। আমাদের ৩ দফা দাবি ছিল—তাঁকে লাইভে এসে, পরবর্তী সংসদ অধিবেশনে এবং জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এবং বক্তব্য প্রত্যাহার করতে হবে।
আমাদের দাবি না মানায় আজ বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপ্রিয় সবাইকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছিা
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবুসাঈদ জানান, এনসিপি একটি অনুষ্ঠানের জন্য আবেদন করেছিলো। অনুষ্ঠান আর রাজনৈতিক কর্মসূচি এক না, তাই ভেন্যু বাতিল করা হয়েছে। আর কওমী ছাত্র ঐক্য পরিষদ তো কোন আবেদন করেনি। শিল্পকলায় কোন প্রোগ্রাম হবে না৷ পরবর্তীতে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার হাসনাত আব্দুল্লাহ সংসদে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারে ব্যর্থতার বিষয়ে সমালোচনা করেন।
আর/আই