জাতীয়

আগামীকাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

বায়ান্ন প্রতিবেদন

দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। বিকেল ৩টায় সংসদের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে অধিবেশনের প্রথম দিনের কার্যসূচি প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়।

সোমবার (২৪ আগস্ট) সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত কার্যসূচিতে অধিবেশনের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোকপ্রস্তাব গ্রহণ করা হবে। এরপর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

প্রথম দিনের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার কথা রয়েছে।

এরপর বিধি-৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি করা হবে।

অধিবেশনের প্রথম দিনেই বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব উত্থাপনের কার্যক্রমও রয়েছে। এসব প্রস্তাবের মধ্যে টাঙ্গাইলের মির্জাপুর ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষি কলেজ স্থাপন, চট্টগ্রামের পটিয়ায় আদালত ভবন দ্রুত নির্মাণ, নরসিংদীর একটি সড়ক ভৈরব রেলস্টেশন পর্যন্ত সম্প্রসারণ এবং সাতক্ষীরা জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয় রয়েছে।

এ ছাড়া প্রথম দিনের কার্যসূচিতে আইন প্রণয়ন কার্যাবলির অংশ হিসেবে তিনটি গুরুত্বপূর্ণ বিল সংসদে উত্থাপনের উদ্যোগ রাখা হয়েছে।

এর মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে উত্থাপনের অনুমতি চাইবেন। অনুমোদন মিললে বিলটি উত্থাপনের পর পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে।

একইভাবে আইনমন্ত্রী ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ উত্থাপনের অনুমতি চাইবেন। জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ রহিত করে নতুন আইন প্রণয়নের উদ্দেশ্যে বিলটি আনা হচ্ছে। সংসদে উত্থাপনের পর এটি সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব রয়েছে।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ সংসদে উত্থাপনের অনুমতি চাইবেন। গুম প্রতিরোধ, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা, ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সংরক্ষণ ও প্রতিকারের ব্যবস্থা এবং মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করাই প্রস্তাবিত বিলটির মূল উদ্দেশ্য।

অনুমতি পাওয়ার পর বিলটি সংসদে উত্থাপন করা হবে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জাতীয় সংসদ #তৃতীয় অধিবেশন