দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। খুন, হত্যা ও নানা ধরনের সহিংসতার খবর এখন নিয়মিতই দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমেও। নেটমাধ্যমে চোখ রাখলেই এমন সব ঘটনার খবর সামনে আসায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে সামাজিক মাধ্যমের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন এই অভিনেত্রী।
সেখানে তিনি লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি! আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক।’
মমের এই মন্তব্যে উঠে এসেছে সামাজিক মাধ্যমে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া অপরাধ ও সহিংসতার নানা খবরের চিত্র। ভারতের জনপ্রিয় অপরাধভিত্তিক ধারাবাহিক ‘ক্রাইম পেট্রোল’-এর সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেছেন তিনি। বাস্তব ঘটনার আদলে তৈরি এই ধারাবাহিকে বিভিন্ন সময় ভয়াবহ খুন ও অপরাধের ঘটনা তুলে ধরা হয়।
অভিনেত্রীর মতে, সামাজিক মাধ্যমে প্রবেশ করলেই যেভাবে একের পর এক হত্যাকাণ্ড ও অপরাধের খবর সামনে আসছে, তাতে পরিস্থিতিটা অনেকটা সেই ধারাবাহিক দেখার মতোই মনে হচ্ছে। একই সঙ্গে সবার নিরাপত্তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাও করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি সমসাময়িক নানা বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে দেখা যায় জাকিয়া বারী মমকে। দেশের চলমান পরিস্থিতি নিয়েও বিভিন্ন সময়ে নিজের উদ্বেগ ও মতামত জানিয়েছেন তিনি। এবার সামাজিক মাধ্যমে সহিংসতার খবরের আধিক্য নিয়ে সেই উদ্বেগই প্রকাশ করলেন এই অভিনেত্রী।
এসি//