প্রবাস

ইতালিতে শিশুসহ একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় ছুরিকাঘাতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরেক সদস্য।  

শুক্রবার (২৬ জুন) রাতে রোমের উপকণ্ঠের ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৪৫), তার স্ত্রী মমতাজ বেগম আরজু (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা আরিফা।

এ ঘটনায় বাবুলের ২০ বছর বয়সী ছেলে আরাফাত হোসেন অয়ন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ইতালির জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে অ্যাপার্টমেন্ট থেকে পরিবারের সদস্যদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই বাবুল, তার স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত অয়নকে হাসপাতালে নেওয়ার পর তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর ইতালির আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিহত মমতাজ বেগম আরজুর ছোট ভাই নুরুল হুদা রাকিব গণমাধ্যমকে জানান, কিছুদিন আগে বাবুল ও তার পরিবারের সদস্যরা ইতালির নাগরিকত্ব পেয়েছিলেন। বর্তমানে ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া গুরুতর আহত আরাফাত হোসেন অয়নের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইতালি #হত্যা #কুপিয়ে হত্যা