বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পরপরই মির্জা ফখরুলের হাতে শুভেচ্ছার লাল গোলাপ তুলে দেন প্রধানমন্ত্রী।
এদিন জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে প্রকাশ্যে গণনা করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
ফল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন এবং তার হাতে একটি লাল গোলাপ তুলে দেন। এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান।
পরে নবনির্বাচিত রাষ্ট্রপতি হাত তুলে সংসদ সদস্যদের সালাম জানান। এ সময়ও সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়।
এরপর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিরোধী দলের সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের কাছে এলে মির্জা ফখরুল নিজের আসন থেকে উঠে তাদের সঙ্গে কোলাকুলি করেন।
পরে প্রধানমন্ত্রীও নিজের আসন থেকে উঠে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন। এরপর তিনি বিরোধীদলীয় নেতার সঙ্গেও কুশল বিনিময় করেন। একে একে অন্য সংসদ সদস্যরাও মির্জা ফখরুলের সঙ্গে হাত মেলান এবং অভিনন্দন জানান।
একপর্যায়ে মির্জা ফখরুল নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিনের সঙ্গেও করমর্দন করেন এবং উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের সালাম জানান।
রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে ১৬৭ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।