বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক আন্দোলন চালিয়ে গেছে বিএনপি। প্রায় ১৭ বছরের সেই আন্দোলন-সংগ্রামে নানা বাধা ও প্রতিকূলতার মধ্যেও নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৫ আগোষ্ট) সন্ধ্যায় সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন প্রতিকূলতার কথা তুলে ধরেন।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বেগম খালেদা জিয়াকে কারাবন্দি হতে হয়েছিল। কারাগারে থাকাকালে তাঁর শারীরিক অবস্থারও অবনতি ঘটে। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তিনি দলের নেতাকর্মীদের নেতৃত্ব দিয়েছেন।
এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান ও রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আই/এ