জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ কি তবে শেষ হয়ে গেল? গত এক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রশ্নই ঘুরছিল দর্শকদের মধ্যে। নতুন পর্বের দেখা না মেলায় তৈরি হয়েছিল নানা জল্পনা। এর মধ্যে ছড়িয়ে পড়া একটি পুরোনো দৃশ্য সেই গুঞ্জনকে আরও উসকে দেয়।
তবে অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়েছে সনি ৮। চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গোপাল ভাঁড়’ শেষ হয়নি। নতুন গল্প ও নতুন পর্ব নিয়ে আবারও দর্শকদের সামনে ফিরছে জনপ্রিয় এই অ্যানিমেশন সিরিজ।
সনি ৮-এর তথ্য অনুযায়ী, আজ শনিবার ১৫ আগস্ট বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় প্রচার হবে ‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব।
২০১৫ সালে সনি ৮-এ যাত্রা শুরু করেছিল ‘গোপাল ভাঁড়’। এরপর মজার ঘটনা, হাস্যরস আর গোপালের বুদ্ধিদীপ্ত কাণ্ডকারখানায় দর্শকদের মন জয় করে নেয় সিরিজটি। শুধু হাসি-ঠাট্টা নয়, বিভিন্ন গল্পের মধ্য দিয়ে বুদ্ধিমত্তা, ন্যায়বোধ এবং সামাজিক নানা বার্তাও তুলে ধরা হয়েছে এতে।
গল্পে কখনো দেখা যায়, রাজ্যের জটিল সমস্যা নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে সামলে ফেলছে গোপাল। কখনো ক্ষমতালোভী মন্ত্রীর ষড়যন্ত্র নস্যাৎ করছে, আবার কখনো নানা সংকটে রাজা কৃষ্ণচন্দ্রকে বুদ্ধির জোরে পথ দেখাচ্ছে। আর এই চরিত্রের সরলতা ও রসবোধই গোপাল ভাঁড়কে করে তুলেছে দর্শকদের কাছে এতটা জনপ্রিয়।
ভারতের পাশাপাশি বাংলাদেশেও দীর্ঘদিন ধরে সিরিজটির বড় দর্শকগোষ্ঠী তৈরি হয়েছে। ইউটিউবেও ‘গোপাল ভাঁড়’-এর পর্বগুলো নিয়মিত দেখেন অনেক দর্শক।

কিন্তু গত জুলাইয়ে ১ হাজার ২৬৮তম পর্ব প্রচারের পর হঠাৎ করেই নতুন পর্বের প্রচার বন্ধ হয়ে যায়। টেলিভিশনে যেমন নতুন পর্ব আসছিল না, তেমনি ইউটিউবেও নতুন কনটেন্ট না পাওয়ায় দর্শকদের মনে প্রশ্ন জাগে—তাহলে কি সত্যিই শেষ হয়ে গেল গোপালের গল্প?
এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি দৃশ্য। সেখানে মৃত্যুশয্যায় শুয়ে থাকা গোপালের পাশে স্ত্রী, নাতি-নাতনি, রাজা কৃষ্ণচন্দ্র ও রাজ্যসভার সদস্যদের কান্না করতে দেখা যায়। দৃশ্যটি দেখেই অনেকে ধরে নেন, হয়তো গোপাল ভাঁড়ের গল্পের এখানেই শেষ।
পরে অবশ্য জানা যায়, ভাইরাল হওয়া সেই দৃশ্যটি নতুন কোনো পর্বের নয়। এটি সিরিজেরই একটি পুরোনো পর্বের অংশ। কিন্তু ততক্ষণে ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে।
নতুন পর্ব প্রচার না হওয়া এবং চ্যানেল কর্তৃপক্ষের নীরবতায় সেই আলোচনা আরও জোরালো হয়। অবশেষে নতুন পোস্টার প্রকাশ করে সনি ৮ জানিয়ে দেয়, গোপালের গল্প থেমে যায়নি।
অর্থাৎ, এক মাসের অপেক্ষা শেষে আবারও পর্দায় ফিরছে দর্শকদের প্রিয় এই চরিত্র। নতুন গল্পে এবার কীভাবে নিজের বুদ্ধি দিয়ে রাজা কৃষ্ণচন্দ্রকে সাহায্য করবে গোপাল, আর কী ধরনের হাসির পরিস্থিতিতে জড়িয়ে পড়বে—সেদিকেই এখন নজর দর্শকদের।
এক দশকের বেশি সময় ধরে দর্শকদের হাসিয়ে আসা ‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব তাই শুধু একটি নতুন গল্প নয়; দীর্ঘ বিরতির পর প্রিয় চরিত্রটির প্রত্যাবর্তনও বটে।
এসি//