গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো. মেহেদী শেখ (২৫) এবং একই ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)। তারা দুইজন মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার মহেশপুর রেল স্টেশন-সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান।
তিনি জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরদিন ভোরে স্থানীয় লোকজন হাটার সময় রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আর/আই