দেশজুড়ে

চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে যশোরের উদ্দেশে ছেড়ে যাওয়া আল-আরাফা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকটির সংঘর্ষ হয়। এতে দুই যানবাহনের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাসের কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশসহ সংশ্লিষ্টরা সেখানে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা আক্তার জানান, দুর্ঘটনার পর ১৮ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্তত ১৫ জন আহত হয়েছেন। উদ্ধারকাজ চলমান রয়েছে। আহতদের মধ্যে কারও মৃত্যু হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার কারণে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #চাঁদপুর