দেশজুড়ে

ক্লান্ত হয়ে রেললাইন ঘুমাচ্ছিলো বৃদ্ধ, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ছবি: প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা ট্রেনে কাটা পড়ে শের আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় গাইদঘাট রেল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও রেলওয়ে পুলিশের সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শের আলী মহিষ চরানোর জন্য বাড়ির পাশের মাঠে যান। দীর্ঘ সময় মহিষ চরানোর পর শারীরিকভাবে অসুস্থ হয়েছে পড়েন তিনি। একসময় ক্লান্তিতে দুর্বল হয়ে পড়লে গাইদঘাট রেলওয়ে স্টেশনের অদূরে রেললাইনের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন। 

এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি খুলনা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই শের আলীর মৃত্যু হয়। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। রেলওয়ে পুলিশ সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এসআই জগদীশ চন্দ্র বসু বলেন, স্থানীয় বাসিন্দা ও স্বজনদের কাছ থেকে জানা গেছে, সারা দিন রেললাইনের আশেপাশে মহিষ চড়িয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন শের আলী। সে সময় তিনি রেললাইনের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন। ট্রেনের চালক বারবার হর্ন দিলেও তিনি তা শুনতে ও বুঝতে পারেনি। তার পরেই ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এআর//  

 

এ সম্পর্কিত আরও পড়ুন #চুয়াডাঙ্গা #দুর্ঘটনা