জাতীয়

তনু হত্যা মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর আগে উচ্চাদালতে তার জামিন বাতিল করে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পনের নির্দেশ দেয় আপিল বিভাগ। সে আদেশ আন মানায়, তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়। পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালতের আদেশ প্রতিপালন না করা এবং একই আদেশে গ্রেপ্তারের নির্দেশ থাকায় হাফিজুরকে গ্রেপ্তার করা হয়। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুরকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে গত ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান। গত ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একইসঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেন আদালত।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #তনু #সেনাসদস্য হাফিজুর