জাতীয়

জুলাই জাদুঘরের টিকিট মিলবে অনলাইনে, জেনে নিন প্রক্রিয়া

বায়ান্ন প্রতিবেদন

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামীকাল (০৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। তবে জাদুঘর পরিদর্শনে আগ্রহীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে আগাম টিকিট সংগ্রহ করতে হবে।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের প্রবেশ সুশৃঙ্খল রাখতে এবং অতিরিক্ত ভিড় এড়াতে সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। এ কারণে পরিদর্শনের আগে ‘জুলাই ৩৬’ নামে নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করে নিজের পছন্দের সময় নির্বাচন করতে হবে। এরপর একই প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

কর্তৃপক্ষের নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা রাখা হয়েছে।

এর আগে আজ বুধবার (০৫ আগস্ট) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন। উদ্বোধনের দিনটি বিশেষ অতিথি এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত ছিল। বৃহস্পতিবার (০৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের অনলাইন টিকিট সংগ্রহের জন্য সরকারি নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জুলাই গণ-অভ্যুত্থান #জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর